
চাঁদাবাজদের হুমকিতে ১৯ দিন বন্ধ ছিল খুলনা মহানগরীর ওষুধের দোকান চয়নিকা ফার্মেসি। পরে পুলিশের সহায়তায় আবার চালু করার পর এবার প্রকাশ্যে গুলি চালিয়ে আহত করা হলো ফার্মেসিটির মালিকের ছেলে জারিফকে (৩৩)।
একইদিন নগরীর লবণচরা এলাকায় আরো দু’টি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। সব মিলিয়ে গত চার দিনে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন এলাকায় অন্তত ১২টি গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে গুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনজন অস্ত্রধারী ফার্মেসিতে গিয়ে ক্রেতাদের সরিয়ে দেয়। এরপর দোকান মালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পায়ে লাগে। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জারিফকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। জারিফের বাবা দৌলতুজ্জামান চয়নিকা ফার্মেসির মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে গত ২৬ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। এতে এলাকার ওষুধ ক্রেতারাও ভোগান্তিতে পড়েন।
পুলিশের সহায়তায় ১৯ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল।
তবে পুলিশের সহায়তায় চালু হওয়ার পরও প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত হয়নি।
আজ শুক্রবার সন্ধ্যায় সেখানে গুলির ঘটনা ঘটে।
ঘটনার পর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে আজ শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার ‘হঠাৎ বাজার’ এলাকায় দু’টি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি তুষকাঠের মিল ও অন্যটি শামসুর রহমানের মালিকানাধীন চানাচুর কারখানা। প্রতিটি প্রতিষ্ঠানে এক রাউন্ড করে গুলি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ‘হঠাৎ বাজার’ এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুর আজিম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে গুলি করা হয়।
একই এলাকায় শামসুর রহমানের চানাচুর কারখানাতেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই বাহিনী। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









