মোহাম্মদ সেলিম উদ্দিন
মোহাম্মদ সেলিম উদ্দিন। ফাইল ছবি
ads

দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, দেশের স্বার্থে এবং জাতীয় কল্যাণে দেশের স্থিতিশীলতা, শান্তি ও জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহানগরীর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত মহানগরী মজলিসে শূরার সদস্যদের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।

নব-নির্বাচিত মজলিসে শূরার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শূরার সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেয়া আমাদের গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

তিনি বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, বরং এটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহির সাথে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয়  নির্বাহি পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগরী উত্তরের নব-নির্বাচিত মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

উলেখ্য, ঢাকা মহানগরী উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৪১ জন (১০৯ জন পুরুষ ৫২ জন নারী) নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে ৬২ জন (৩২ জন পুরুষ ১০ জন নারী) নির্বাচিত হন। মহানগরী আমির ১৬ জনকে মনোনিত করেন। আজ বিকেল ৩টায় নারী শূরা সদস্য ও রাত ৭টা ৩০ মিনিটে পুরুষ সদস্যরা মহানগরী আমিরের পরিচালনায় শপথগ্রহণ করেন।