মহাকাশ
মহাকাশ। সংগৃহীত ছবি
ads

ইরান, চীন, রাশিয়া, বেলারুশ ও কিউবা জেনেভায় জাতিসঙ্ঘের উন্মুক্ত ওয়ার্কিং গ্রুপ বা কর্মগোষ্ঠীর চতুর্থ বৈঠকে মহাকাশে অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো। 

তারা এই পদক্ষেপকে মহাকাশে অস্ত্রায়ন প্রক্রিয়ার তীব্রতার সুস্পষ্ট লক্ষণ এবং এই ক্ষেত্রে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বহুপক্ষীয় প্রচেষ্টার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করেছে।

এই পাঁচ দেশ স্পষ্ট করেছে যে এই ঘটনা মহাকাশকে যুদ্ধ ও সামরিক অভিযানের ক্ষেত্রে পরিণত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির বিষয়ে দীর্ঘদিনের উদ্বেগকে জোরদার ও নিশ্চিত করছে এবং মহাকাশকে সামরিক সংঘাতের মাঠে পরিণত করার ঝুঁকি বাড়াচ্ছে।

এই দেশগুলো মহাকাশে অস্ত্র মোতায়েনকে স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সব সরকারের জন্যই এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং অঘোষিত সামরিক উদ্দেশ্যে মহাকাশ সক্ষমতার ক্রমবর্ধমান ব্যবহারকে মহাকাশ কার্যক্রমের নিরাপত্তা, সুরক্ষা, স্থিতিশীলতা ও টেকসইতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে পাঁচ দেশ জোর দিয়ে বলেছে, স্বচ্ছতা ও আস্থা নির্মাণের ক্ষেত্রে স্বেচ্ছামূলক পদক্ষেপগুলো আইনগতভাবে বাধ্যতামূলক প্রতিশ্রুতির বিকল্প হতে পারে না। 

তারা আন্তর্জাতিক আইনি কাঠামো শক্তিশালী করা এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধের লক্ষ্যে একটি বাধ্যতামূলক, ব্যাপক ও যাচাইযোগ্য বহুপক্ষীয় সনদ বা ইশতিহার প্রণয়নের জন্য আলোচনা শুরু করার দাবি জানিয়েছে। 

সূত্র : পার্সটুডে