বাংলাদেশ, উইমেনস, ল’ইয়ার্স, আইনজীবী, সমাবেশ,
বাংলাদেশ উইমেনস ল’ইয়ার্স কাউন্সিলের আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত। নয়া দিগন্ত
ads

দেশে ন্যায়বিচার, ইনসাফ ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় ২০০ বছরের পুরোনো ব্রিটিশ আইনের পরিবর্তে ইসলামিক বা শরীয়া আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উইমেনস ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত আইনজীবী সমাবেশের বক্তারা। 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকায় সংগঠনটির তত্ত্বাবধানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকৃত সুবিচার নিশ্চিতে ইসলামিক আইনের প্রয়োজনীয়তা

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা নূরুন্নাহার সিদ্দিকী, এমপি বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠার জন্যই পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং ইনসাফের অন্যতম প্রধান শর্ত হলো সুবিচার।’

মুসলিম শাসকদের ইসলামিক আইন প্রতিষ্ঠা ও প্রসারের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘ব্রিটিশ আইনের পরিবর্তে ইসলামিক আইনের মাধ্যমেই সমাজে প্রকৃত সুবিচার নিশ্চিত করা সম্ভব।’ 

বক্তব্যে তিনি আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখার আহ্বান জানান এবং সততার দৃষ্টান্ত হিসেবে আল্লামা মওদুদী (রহ.)-এর বাবা ও কায়েদে আজমের উদাহরণ তুলে ধরে আইনজীবীদের আল্লাহর সাক্ষী হওয়ার তাগিদ দেন।

স্বাধীন বিচারব্যবস্থা ও মামলাজট নিরসনের তাগিদ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল উইমেন্স উইংয়ের কেন্দ্রীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এমপি তার বক্তব্যে বিচারব্যবস্থায় দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের বৃহত্তর স্বার্থে একটি স্বাধীন বিচারব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি মামলা দীর্ঘায়িত না করে বিচারপ্রক্রিয়া সহজ করার আহ্বান জানান এবং আইন পেশাকে আমানত হিসেবে গ্রহণ করে সততা ও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি দেশের সংকটময় মুহূর্তে আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। 
তিনি উল্লেখ করেন, পার্লামেন্ট আইন প্রণয়ন করে আর আদালত তা বাস্তব রূপ দেয়। জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আইন পেশাকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে অভিহিত করে তিনি নারী আইনজীবীদের সেবামূলক ও ইতিবাচক চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও কোরআনের আলোকে ন্যায়বিচার

বিশেষ অতিথি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল উইমেন্স উইংয়ের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. জান্নাত আরা শেলী ১২০৪ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত মুসলিম শাসন এবং পরবর্তী ব্রিটিশ শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রিটিশ আইনে সমাজে স্থায়ী শান্তি সম্ভব নয়; ন্যায়বিচারের জন্য শরীয়া আইন প্রতিষ্ঠা অপরিহার্য।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতের আলোকে বিচারকদের সুবিচার করার আহ্বান জানান এবং শান্তি, নিরাপত্তা ও নিরপেক্ষতা রক্ষায় সবাইকে সতর্ক থাকার জোর তাগিদ দেন।

মানবাধিকার সুরক্ষা ও সমাবেশের সূচনা

এর আগে বিকেল ৩টা ৪ মিনিটে অ্যাডভোকেট ফাতেমার কণ্ঠে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১০২ থেকে ১০৪ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবা আক্তার ’২৪-এর গণঅভ্যুত্থান, নতুন স্বাধীনতা এবং মানবতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। 

তিনি কবি কাজী নজরুল ইসলামের ভাষায় নারী-পুরুষের সমতার কথা উল্লেখ করে আইনের শাসন, ন্যায়বিচার, পেশাগত দায়িত্ব ও সততা—এই চারটি মূল বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল উইমেন্স উইংয়ের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহতারামা নাজমুন নাহার। 

তিনি আইনজীবীদের মানবতা ও মানবাধিকার রক্ষার কারিগর হিসেবে অভিহিত করেন এবং রামিশা ও আসিয়াসহ নির্যাতিত সব শিশু ও মা-বোনদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আইন পেশাকে ইবাদত হিসেবে গ্রহণের আহ্বান জানান।