বিরোধীদলীয় উপনেতাকে জড়িয়ে অপপ্রচার, জামায়াতের নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

Advertisement

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

এর আগে, ১৯ অক্টোবর তাকে জড়িয়ে ফেসবুকে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়।

বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে ‘দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের’ লেখা সম্বলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে- তা মিথ্যা ও ভুয়া। আমি এটির নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, সকলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বানোয়াট এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি।