
মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়।
আজ রোববার দেয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের জানান, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তারা মনে করেন। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে গেন্ডারিয়া এলাকায় ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন, তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ- এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
জামায়াতের এ নেতা বলেন, দেশের বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ছাড়া কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেয়া, জনমনে ভীতি সৃষ্টি করা এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত।
এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি সরকারের দায়িত্বশীল পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, ইশরাক হোসেন তার কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে জনমনে ভীতি সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের অভিপ্রায় প্রকাশ করেছেন। তার এ কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন বলেও দাবি করেন জামায়াতের এই নেতা।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরো উৎসাহিত করতে পারে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মার্জিত ও জনবান্ধব পদ্ধতিতে মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








