
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেছেন, ‘ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, ভয়ভীতি কিংবা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১২ আসনের উন্নয়ন ও গণসংযোগ সমন্বয়ক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘বাংলাদেশ সবার প্রিয় মাতৃভূমি। আসন্ন দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। তারা যেন আনন্দ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।’
কোনো ধরনের উসকানি, গুজব কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষ যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীর পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে বসবাস করবেন।’
ঢাকা-১২ আসনের সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করতে চান বলেও জানান তিনি।
সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। তাদের বক্তব্য গুরুত্বের সাথে বিবেচনা করে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া হারুন, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান, সমাজসেবক ইউসুফ আলী মোল্লা, নুরুল ইসলাম আকন্দ ও আবু সাঈদ মন্ডলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








