
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘এই দেশে মানুষ আজ বড় অসহায়। যাদের ক্ষমতা আছে, আইন তাদের পক্ষে। আপনি চাঁদা না দিলে লোহার রড দিয়ে মারধর করে আপনাকে মেরে ফেলবে, অফিস ভাঙচুর করবে। এই শোষক গোষ্ঠী ক্ষমতায় বসে জনগণকে শোষণ করছে। তাই, আপনাদের এমন মানুষের হাতে নেতৃত্ব দিতে হবে যারা আপনাদের সমস্যা বুঝবে ও তা সমাধান করবে।’
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে বনানী মডেল হাই স্কুল মাঠে গুলশান পশ্চিম থানার উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক ডা: এস এম খালিদুজ্জামানের সৌজন্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল এলাকার জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সাধারণ মানুষ আমাদের দেশে ঠিকমতো চিকিৎসা সেবা পান না। আপনি যদি হাসপাতালগুলোতে যান ঠিকভাবে সেবা পাবেন না। কিন্তু আপনি যদি উন্নত দেশগুলোর দিকে তাকান, দেখবেন তাদের চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর।’
ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় তিনি বলেন, ‘পানি যেখানে জমে থাকে সেখানে পানি জমে থাকতে দেয়া যাবে না। এসব পানিতেই এসিড মশা জন্মায়। সুতরাং আমাদের আশেপাশে পানি ও ময়লা যেনো জমে না থাকে সেজন্য সর্তক ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি ডেঙ্গু হয়, তাহলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এই দেশের জনগণের কল্যাণে বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। ইনশাআল্লাহ জামায়াত যদি সিটিতে ও সরকারে ক্ষমতায় আসতে পারে— আজকে যে ব্যথা, কষ্ট ও বৈষম্য তা দূর করা হবে।’
তিনি আরো বলেন, ‘আগামী দিনে জনগণ চাঁদাবাজ, দুর্নীতিবাজদের আর সমর্থন করবে না। একবার সৎ যোগ্য ও আল্লাহ ভীরু মানুষকে সিটি ও রাষ্ট্রের দায়িত্বে বসান, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।’
মশারি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমির মাওলনা মাহমুদুর রহমান আজাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান পশ্চিম থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মু: জয়নাল আবেদীন, মু: আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাওলানা আবদুল মান্নান, ইঞ্জিনিয়ারিং কামরুজ্জামান ও হাফেজ গোলাম আজম শাহীনসহ অন্য নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








