
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ১ ডিসেম্বর থেকে নগদ লেনদেন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন। মহানগর করপোরেশন ইসলামাবাদের (এমসিআই) সব দফতরে কর, ফি, জরিমানা ও অন্যান্য চার্জ পরিশোধ করতে হবে ডিজিটাল মাধ্যমে। নগদ টাকার পাশাপাশি পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট ও চেকের মাধ্যমেও কোনো অর্থ জমা নেয়া হবে না।
দুনিয়া নিউজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আরো জানায়, ‘ক্যাশলেস ইসলামাবাদ’ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। এমসিআইয়ের প্রধান কর্মকর্তা উয়াইস আফজাল ২৫ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানান, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে করপোরেশনের কোনো কার্যালয়, অধিদফতর, শাখা বা বিভাগে নগদ অর্থ গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কর, ফি, বাড়িভাড়া, জরিমানা ও লাইসেন্স ফিসহ সব ধরনের অর্থ কেবল ডিজিটাল মাধ্যমে আদায় করা হবে। এ লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে এমসিআইয়ের সব নগদ অর্থ জমা নেয়ার কাউন্টার বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাতে লেখা রসিদ বইগুলো সিলগালা করে সংশ্লিষ্ট হিসাব দফতরে জমা দিতে বলা হয়েছে।
নতুন ব্যবস্থার বিষয়ে নাগরিকদের জানাতে এমসিআইয়ের বিভিন্ন কার্যালয়ে অনলাইনে অর্থ পরিশোধের পদ্ধতি সম্পর্কে সচেতনতামূলক বিজ্ঞপ্তিও টাঙানো হবে।
নির্দেশনা বাস্তবায়নের সব পরিচালককে অগ্রগতি জানিয়ে সাত দিনের মধ্যে প্রধান কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১ ডিসেম্বরের পর কোনো কর্মকর্তা বা কর্মচারী নগদ অর্থ গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট পরিচালক ও কার্যালয়প্রধানকেও ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









