কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলা কারাগার, ধারণক্ষমতা, বন্দী, জনবল সঙ্কট, চিকিৎসক সঙ্কট, জেলার, ভারপ্রাপ্ত জেলার, কারাগার ভবন, নতুন কারাগার ভবন নির্মাণ, কারা প্রশাসন, বন্দীদের স্বাস্থ্যসেবা, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, সহকারী সার্জন, ভারতীয় মুক্তিপ্রাপ্ত বন্দী, বন্দীদের পুনর্বাসন, লাইব্রেরি
কুড়িগ্রাম জেলা কারাগার। নয়া দিগন্ত
ads

কুড়িগ্রাম জেলা কারাগারের চারিদিকের পরিবেশ বেশ নান্দনিক হলে নানা সমস্যার মধ্য দিয়ে চলছে কারা কতৃপক্ষের কার্যক্রম। নয়টি উপজেলার এ জেলা কারাগারটি স্থাপিত হয় ১৯৬২ সালে। এখানে বন্দীর ধারণ ক্ষমতা মাত্র ২০৩ জন। কিন্তু রয়েছেন ৬০০ থেকে ৬৫০ জন। তারপরও অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েদি সেবার মান হয়েছে অনেক উন্নত।

খোঁজখবর নিয়ে জানা গেছে, কারাগার ভবনটিতে অতীতের যেকোনো সময় থেকে বেশি কয়েদি রয়েছে। এছাড়া কারাগার পরিচালনায় রয়েছে নানাবিধ সমস্যা। সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেয়ার জন্য নেই কোনো ডাক্তার। জেলারের পদ দীর্ঘদিন খালি থাকা ভারপ্রাপ্ত জেলার দিয়ে চলছে কার্যক্রম। পর্যাপ্ত কারারক্ষীসহ রয়েছে জনবল সঙ্কট। এছাড়াও রয়েছে জরাজীর্ণ ভবনের নানা যন্ত্রণা।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের নতুন ভবনের জন্য প্রাক্কলন তৈরি করে রংপুরের ডিআইজির (প্রিজন) মাধ্যমে কারা অধিদফতরে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই আসবে নতুন ভবনের সিদ্ধান্ত।

কারাগারে একজন সহকারী সার্জনের পদ থাকলেও কোনো ডাক্তার নেই। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন একজন ডাক্তার পদায়ন করেছেন যিনি কারাগারে নিয়মিত রোগী দেখেন। জটিল রোগীর ক্ষেত্রে তিনি রোগীদের ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানোর জন্য কারাগার কর্তৃপক্ষকে সুপারিশ করেন।

৬০০ থেকে ৬৫০ জনে জেলে নেই কোনো জেলার। কারাগারে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার তিনগুণ। বন্দীদের মধ্যে রাজনৈতিক মামলায় ৮৫, মাদক মামলায় ২৯০ ও বাকিরা অন্য মামলায় আটক রয়েছে। এছাড়াও একজন ভারতীয় মুক্তিপ্রাপ্ত বন্দী রয়েছেন। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ না থাকায় ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।

কারাগারে বন্দীদের চিত্ত বিনোদনের জন্য রয়েছে গান বাজনার ব্যবস্থা, জ্ঞানচর্চা ও মানসিক বিকাশ এবং দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য একটি লাইব্রেরি রয়েছে। রয়েছে শরীরচর্চার ব্যবস্থাও। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ১৮টি ডে-লেট্টিন রয়েছে।

বন্দীদের আত্মীয়স্বজনরা যাতে কারাগারে কারো দ্বারা প্রতারিত এবং নির্ধারিত সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য প্রতি সপ্তাহে একদিন গণশুনানীর ব্যবস্থা রয়েছে।

সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত আব্দুল জলিল (৩৩) বলেন, ‘আমি ২০২১ সালে একটি মামলায় কারাগারে ছিলাম। তখনকার সেবার মানের চেয়ে বর্তমানে সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। এখন ক্যান্টিনে সুলভ মূল্যে প্রয়োজনীয় সবকিছু কিনতে পাওয়া যায়। সরকারি খাবার মানও অনেক উন্নত হয়েছে। জেলার (ভারপ্রাপ্ত) নিজে বন্দীদের কাছে গিয়ে তাদের অভিযোগ শুনেন এবং সেই অনুযায়ী সমস্যার চিহ্নিত করে সমাধান করেন।’

পরিবার কর্তৃক জেলে রাখা হাজতি বেলাল হোসেন (২৬) বলেন, ‘কয়েকবার রিহ্যাব সেন্টারে ছিলাম। কিন্তু নেশা মুক্ত হতে পারেনি। জেলখানায় তিন মাস থেকে আল্লাহর রহমতে আমি এখন নেশা মুক্ত। বর্তমান জেলার (ভারপ্রাপ্ত) সাহেবের কাউন্সিলিং ও মোটিভেশনাল বক্তব্য আমাকে ভালো হতে অনেক সহায়তা করেছে। তিনি একজন ভালো মনের মানবিক মানুষ।’

কারাগারে থাকা ইব্রাহিম খলিলের (৩২) স্ত্রী রুপা এবং রিপনের (৪০) মা জলি রানী জানান, এখন টাকা লাগানো এবং দেখা করা আগের থেকে অনেক সহজ হয়েছে। হয়রানি ও বিরম্বনা কমেছে অনেক।

ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায় বলেন, ‘আমি এ কারাগারে যোগদানের পর নির্ধারিত মেনু ও প্রাপ্যতা অনুযায়ী খাবার নিশ্চিত করেছি। পরিষ্কার কম্বল সরবরাহ করেছি। সার্বক্ষণিক সব ওয়ার্ডের কয়েদিদের খোঁজখবর রাখার চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘আমি কুড়িগ্রাম জেলা কারাগারকে শুধু বন্দী রাখার প্রতিষ্ঠান নয় বরং সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। বন্দীদের নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করছি। একজন বন্দী কারাগার থেকে বের হওয়ার পর যেন সমাজে একজন ভালো মানুষ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে অবদান রাখতে পারে।’