
খাগড়াছড়ির রামগড়ে গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেয়া হয়।
রামগড় ৪৩ বিজিবি জানায়, রামগড় জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলামের নির্দেশনায় রামগড় উপজেলার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসকারী দুস্থ মানুষের মধ্যে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন দেয়া হয়। এছাড়া বিভিন্ন মন্দির ও বৌদ্ধবিহারে আর্থিক অনুদান, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও দুস্থ পরিবারকে নগদ আর্থিক সহায়তাও দেয়া হয়েছে।
রামগড় জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম বলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে। একইসাথে কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ নানা জনসেবামূলক কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছে ব্যাটালিয়নটি।
তিনি আরো বলেন, এলাকার গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









