
স্পেনের টলেডোতে গত ২৮ অক্টোবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (৪ নভেম্বর) জানায়, স্পেনের সংবাদপত্র এল পেইস এ খবর প্রকাশ করেছে। কংগ্রেসের স্থায়ী প্রতিনিধি পরিষদে বক্তব্য দিতে গিয়ে পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি দুর্ঘটনার পর নিজের পদে বহাল থাকতে পারেন না। মর্যাদার প্রশ্নেই তাঁর সরে দাঁড়ানো উচিত।’
তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত রাজনৈতিক মর্যাদার প্রশ্নে নেয়া। বিষয়টিকে সেভাবেই দেখতে হবে।’ পদত্যাগের ঘোষণা দেয়ার আগে দুর্ঘটনার তদন্তের প্রাথমিক ফলাফলের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি। এ ছাড়া আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির হয়ে ভায়াদোলিদ আসনে প্রধান প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে নিশ্চিত করেন।
রেল অবকাঠামোয় বিনিয়োগের পক্ষে সাফাই
বক্তব্যে রেল অবকাঠামোর উন্নয়নে সরকারের ভূমিকার পক্ষে সাফাই দেন পুয়েন্তে। মাদ্রিদ-সেভিয়া দ্রুতগতির রেলপথের অবহেলার অভিযোগও নাকচ করেন তিনি। তাঁর দাবি, এই রেলপথ আধুনিকায়নে সরকার ৭৮ কোটি ইউরোর (৮৭ কোটি ৩০ লাখ ডলার) একটি পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে অবকাঠামোটি অবহেলিত বা বিস্মৃত ছিল—এমন অভিযোগ সঠিক নয়।
গত ২৮ অক্টোবর টলেডো প্রদেশের উর্দার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে রেনফের একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা ইরিওর আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। পুয়েন্তে জানান, স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থায় ত্রুটির কারণে ট্রেনগুলো থেমে গিয়েছিল। পরে নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা রেনফের ট্রেনটিকে আবার স্বাভাবিক গতিতে চলার অনুমতি দেন।
এর আগে গত জানুয়ারিতে মাদ্রিদ-সেভিয়া একই দ্রুতগতির রেলপথে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। মাত্র এক বছরের মধ্যে একই রেলপথে দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








