বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, ভারতীয় চোরাইপণ্য, চোরাইপণ্য জব্দ, সংবাদ বিজ্ঞপ্তি
বিজিবির অভিযানে চোরাচালন জব্দ করা হয়েছে। নয়া দিগন্ত
ads

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল বিওপির সদস্যরা। অভিযানে ভারতীয় কসমেটিক্স, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, গরু, ফল, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, সোয়েটার আটক করা হয়। আটক চোরাচালানের আনুমানিক মূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা। 

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাইপণ্য আটক করা হয়। আটক চোরাইপণ্যের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’