আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। সংগৃহীত ছবি
ads

ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের চাপ দেশটির জনগণের দৃঢ় সংকল্প ও মনোবল ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। তিনি বলেছেন, নৌপথে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা যে নিষ্ফল, শত্রুপক্ষ শিগগিরই তা বুঝতে পারবে এবং শেষ পর্যন্ত অঞ্চলজুড়ে গড়ে তোলা সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে। 

মোহেব্বি বলেন, সামরিক সরঞ্জাম, সক্ষমতা, মনোবল, প্রেরণা এবং শত্রুর মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। গত ১৫ থেকে ১৬ মাসে তারা বাস্তব যুদ্ধক্ষেত্রে নিজেদের এই প্রস্তুতির প্রমাণ দিয়েছে।

উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং সেখানে শত্রুপক্ষের সামরিক উপস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শত্রুপক্ষের উচিত অতীতের দিকে ফিরে তাকানো। বিপুল সামরিক সরঞ্জাম ও সক্ষমতা নিয়ে যখন তারা এ অঞ্চলে প্রবেশ করেছিল, তখন তাদের ধারণা ছিল এক-দুই দিনের মধ্যেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে। কিন্তু এরপর থেকে পরিস্থিতির গতিপথ কিভাবে পরিবর্তিত হয়েছে, তা তাদের পুনর্মূল্যায়ন করা উচিত। তাহলেই ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে এগোবে, তা তারা বুঝতে পারবে।

নৌপথে অর্থনৈতিক অবরোধ আরোপ এবং তা ভাঙার প্রচেষ্টা সম্পর্কে আইআরজিসির মুখপাত্র বলেন, শত্রুপক্ষের কমান্ডারদের বক্তব্য ও অবস্থান থেকেই স্পষ্ট যে, তাদের পক্ষে এ অবরোধ দীর্ঘদিন অব্যাহত রাখা সম্ভব নয়। কারণ, সেনাদের ক্লান্তি, বিপুল ব্যয় এবং অঞ্চলে মোতায়েন করা বাহিনীর সক্ষমতার সীমাবদ্ধতা এ পরিস্থিতি দীর্ঘায়িত করাকে তাদের জন্য কঠিন করে তুলেছে।

তিনি আরো বলেন, ইরানের জনগণের প্রতিরোধ ও দৃঢ় অবস্থানও শত্রুপক্ষের ব্যর্থতার অন্যতম কারণ। শিগগিরই তারা এই পদক্ষেপের নিষ্ফলতা উপলব্ধি করবে এবং অঞ্চলজুড়ে গড়ে তোলা সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে বাধ্য হবে।

চাপ ও অর্থনৈতিক অবরোধের ফলে ইরানের অর্থনীতি ধসে পড়বে বলে শত্রুপক্ষের পূর্বাভাসের প্রসঙ্গ তুলে মোহেব্বি বলেন, শত্রুপক্ষ গত ইরানি বছরের শাহরিভার মাসে (আগস্ট-সেপ্টেম্বর) দাবি করেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। তাদের সেই পূর্বাভাস বাস্তবে পরিণত হয়নি।

তিনি আরো বলেন, ইরানের জনগণ এখনো স্বাভাবিক জীবনযাপন করছে এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কথিত অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়নি।

চাপের মুখেও ইরানের জনগণের প্রতিরোধ অব্যাহত থাকার কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, আজ শত্রুপক্ষের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের জনগণের অদম্য ইচ্ছাশক্তি।

তার মতে, ‘এটি ইচ্ছাশক্তির লড়াই। ইরানের জনগণ তাদের দৃঢ়তা, বিশ্বাস, প্রেরণা ও মনোবলের মাধ্যমে শত্রুপক্ষের পরিকল্পনা, সামরিক কৌশল এবং নানা কূটকৌশলকে পরাস্ত করেছে।’

বক্তব্যের শেষাংশে ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষের কোনো চাপই ইরানের জনগণের সংকল্প ভেঙে দিতে পারবে না। ভবিষ্যতেও ইরানের জনগণ অতীতের মতোই দৃঢ়তা ও প্রতিরোধের পথ অব্যাহত রাখবে। তাই বিজয় সেই মহান জাতিরই হবে, যাদের রয়েছে অটুট ইচ্ছাশক্তি। আর এই ইচ্ছাশক্তিই ভবিষ্যতের ঘটনাপ্রবাহ নির্ধারণ করবে।