
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ব্যবধান ছিল ৩-০। জয় তখন ভারতের হাতের মুঠোয়। কিন্তু যোগ করা সময়ে দুই গোল করে ম্যাচে দারুণ উত্তেজনা ফিরিয়ে আনে পাকিস্তান। শেষ কয়েক মিনিটে সমতাসূচক গোলের আশাও জাগিয়েছিল তারা।
তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের জয়ে বড় অবদান সুহাইল আহমেদ ভাটের। জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি এম কিপগেনের। পাকিস্তানের হয়ে যোগ করা সময়ে গোল করেন নাজিব উল্লাহ ও এ. গাজী।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। ১৩ মিনিটে সুহাইল আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় দলটি। মুহাম্মদ সুহাইলের নিচু ক্রস থেকে হেডে বল জালে পাঠান তিনি।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাট। রিকির থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মোহনবাগানের এই ফরোয়ার্ড।
৩২ মিনিটে ভারতের তৃতীয় গোলটি করেন এম কিপগেন। নুফালের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে পাকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করেন পাঞ্জাব এফসির এই মিডফিল্ডার। অন্যদিকে ৩৫ মিনিটে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান।
শায়াক দস্তের নেয়া স্পটকিক চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। প্রথমার্ধ শেষ হয় ভারতের ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায়।
বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল ভারত। কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। এর মাঝে আবার ৫৮ মিনিটে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন পাকিস্তানের আবদুল রহমান।
৬০ মিনিটে ভারতের কোচ নওশাদ মুসা একসাথে দুই পরিবর্তন আনেন। মাঠ ছাড়েন দুই সুহাইল, ফলে হ্যাটট্রিকের সুযোগ আর পাননি ভাট। নির্ধারিত ৯০ মিনিটের আগ পর্যন্ত ৩-০ ব্যবধানেই এগিয়ে ছিল ভারত।
কিন্তু যোগ করা সময়ে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৯০ মিনিটে জুনাইদের ক্রস থেকে হেডে গোল করে পাকিস্তানের ব্যবধান কমান নাজিব উল্লাহ। এরপর কয়েক মিনিটের ব্যবধানে দুর্দান্ত ভলিতে ভারতের জালে বল পাঠান এ. গাজী।
মুহূর্তেই ব্যবধান নেমে আসে ৩-২-এ। ফলে শেষ দিকে পাকিস্তান সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠলেও ভারতের জালে আর বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নওশাদ মুসার দল।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’তে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করল ভারত। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ মালদ্বীপ। পরবর্তী ম্যাচে হার এড়াতে পারলেই সেমিফাইনালের পথে এগিয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত এবার শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








