ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

Advertisement

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘পর্তুগালের মানুষের কাছে, সেই দিন এসে গেছে যখন আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি আমার ফিরিয়ে দেয়ার সময় হয়েছে।’

তিনি বলেন, ‘আমি কখনো মনে করিনি এটি শুধু আমারই ছিল। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর প্রতিনিধিত্ব করার এবং বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে এটি বহন করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

রোনালদো আরো বলেন, ‘আজ সময় এসেছে এটি ভবিষ্যতের হাতে তুলে দেয়ার। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেয়া হয় না, হৃদয় দিয়েও নেয়া হয়।’

তিনি বলেন, ‘২০০৩ সালের আগস্টে শুরু হওয়া এবং আমার জীবন চিরতরে বদলে দেয়া একটি যাত্রার আজ সমাপ্তি ঘটছে।’

শুক্রবার নভেম্বর মাসের নেশনস লিগের দুটি ম্যাচের জন্য পর্তুগালের দল ঘোষণা করার কথা রয়েছে। এই দুটি ম্যাচ হলো ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে এবং ওয়েলসের মাঠে ওয়েলসের বিপক্ষে।

পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা যথাযথ শ্রদ্ধা জানানো ছাড়া এই বিদায় হতে দিতে রাজি নয়।

এক বিবৃতিতে বলা হয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ ক্যারিয়ারের প্রতি সর্বদা উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন, পরিকল্পনা, অংশগ্রহণ এবং সক্রিয়ভাবে সহযোগিতা করার দৃঢ় ও আন্তরিক ইচ্ছা পোষণ করি। এতে সমর্থক ও দেশ আবারো সেই খেলোয়াড়কে সম্মান ও উদযাপন করার সুযোগ পাবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’

রোনালদো ২০০৩ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং ১৪৬টি গোল করেছেন। এই দুইটিই বিশ্ব রেকর্ড।

গত মাসে তিনি পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান, যখন তাকে জানানো হয় যে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন না।

রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

সূত্র : বিবিসি