নেইমার জুনিয়র, নেইমারের জোড়া গোল, সান্তোস বনাম ফ্ল্যামেঙ্গো, ব্রাজিলিয়ান সিরি আ, সান্তোস, ফ্ল্যামেঙ্গো, চোট থেকে ফেরা, পেনাল্টি
নেইমার জুনিয়র। সংগৃহীত

প্রায় এক মাস পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যও সান্তোসকে জয়ের স্বাদ দিতে পারেনি। ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে সান্তোস। ৪৩ মিনিটে দানিলো ও প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো।

তবে বিরতির পর বদলে যায় গল্প। বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ বদলে দিতে বড় ভূমিকা রাখেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ৮২ ও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে সমতায় ফেরান তিনি।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান ঊরুর পেশিতে চোট পান নেইমার। সেই চোটে সান্তোসের হয়ে ছয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ফর্ম নিয়ে বড় বার্তা দিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষদিকে অবশ্য ফ্ল্যামেঙ্গোর ওপর চাপ আরো বাড়ে। ৭৯ মিনিটে জর্জিনহো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর নেইমারের দুই পেনাল্টি গোলে জয় হাতছাড়া হয় শীর্ষে থাকা দলটির।

এই ড্রয়ে দুই দলেরই টানা পাঁচ ম্যাচের জয়যাত্রা থামল। ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ফ্ল্যামেঙ্গো। তাদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা পালমেইরাস। আর ৪২ পয়েন্ট নিয়ে সান্তোস আছে অষ্টম স্থানে।

চোট কাটিয়ে ফিরেই নেইমারের এমন পারফরম্যান্সে মৌসুমের শেষভাগে সান্তোসের ঘুরে দাঁড়ানোর আশা আরো বাড়তেই পারে। গত মৌসুমেও চোটের সাথে লড়াই করে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলটিকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন তিনি।