এআই ফোর্স গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
এআই ফোর্স গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প।

প্রযুক্তি ডেস্ক 
প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা যখন এআইয়ের বিকাশ ধীর করার আহ্বান জানাচ্ছেন তখন স্রোতের বিপরীতে হেঁটে এআই ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শব্দটির নাম বদলানোরও প্রস্তাব দিয়েছেন তিনি। এআই ফোর্স পরিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্ট একজন প্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি ‘অদূর ভবিষ্যতে’ এআই ফোর্স পরিচালনার জন্য তার পছন্দের ব্যক্তির নাম ঘোষণা করবেন। নতুন এ ফোর্সটি সুনির্দিষ্টভাবে কী ধরনের কার্যপরিধি পরিচালনা করবে সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ উদ্যোগটিকে তিনি যুক্তরাষ্ট্রের ‘স্পেস ফোর্স’ গঠনের ঐতিহাসিক পদক্ষেপের সাথে তুলনা করেছেন। ওই পোস্টে এআই শিল্পের বিকাশকে বাড়ানোর ওপর জোর দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আমরা কোনোভাবেই এ বিস্ময়কর শিল্পের প্রবৃদ্ধিকে দমিয়ে রাখব না; বরং এআই যেমন বড় হবে আমরা এটাকে লালন করব, সহায়তা করব ও এর ওপর নজর রাখব!’ এআই ফোর্স গঠনের বড় এ ঘোষণা ছাড়াও ট্রুথ সোশ্যালের মাধ্যমে একটি অনলাইন পোল বা জরিপ প্রকাশ করেছেন ট্রাম্প, সেখানে তিনি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দকে পরিবর্তন করে আরো মার্জিত ও নিখুঁত কোনো নাম দেয়ার প্রস্তাব করেছেন। তার ভাষ্য, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিবর্তে ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ বা ‘সুপার ইন্টেলিজেন্স’-এর মতো নাম বেশি মানানসই।