
‘তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাউফল পাবলিক মাঠে বাউফল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফাইনালে মুখোমুখি হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দল ও নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে নষ্ট করার যে অপপ্রয়াস রয়েছে, তা প্রতিরোধে তাদের যত বেশি খেলার মাঠে সম্পৃক্ত করা যাবে, বাউফল তত বেশি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক হবে। এই মাঠ থেকেই একদিন খেলোয়াড়েরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবে। বাউফলের সব খেলার মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে অনিয়মের অভিযোগ তুলে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা যখন একটি মিনি স্টেডিয়ামের দাবিতে মন্ত্রণালয়ে গেলাম, তখন জানতে পারলাম, বাউফলে একটি মিনি স্টেডিয়াম রয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্রও মন্ত্রণালয়ে আছে এবং বরাদ্দের টাকা খরচ করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেখানে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে। বিগত সরকারের আমলে এভাবে বাউফলবাসীর সাথে প্রতারণা করা হয়েছে বলে আমরা মনে করি।’
তিনি আরো বলেন, ‘সৎ ও দক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত করা গেলে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। জনগণের স্বার্থে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।’
উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয়
বাউফলের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘ইতোমধ্যে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও ভবন সম্প্রসারণ, মসজিদ-মন্দির নির্মাণ, নদীভাঙন রোধ এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘বাউফলবাসী কারও কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চায়। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।’
খেলাধুলা ও রাজনীতির মধ্যে ইতিবাচক তুলনা টেনে ড. মাসুদ বলেন, ‘খেলার মাঠে যেমন দুটি পক্ষ থাকে, রাজনীতির মাঠেও একাধিক পক্ষ থাকে। প্রতিপক্ষকে আঘাত করে কেউ প্রকৃত বিজয়ী হতে পারে না; বিজয় অর্জন করতে হয় কৌশল, দক্ষতা ও যোগ্যতা দিয়ে। আমরা বাউফলে গালাগালি ও আঘাতের রাজনীতির পরিবর্তে আদর্শের বিজয়ের মাধ্যমে বাউফলবাসীকে বিজয়ী করতে চাই, ইনশাআল্লাহ।’
এ সময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ—উভয় দলকে আগাম শুভেচ্ছা জানান।
টাইব্রেকারে শহরদ্দি মৃধা বাড়ি দলের জয়
উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা অর্জন করে। পরে টাইব্রেকারে পেনাল্টি শুটআউটের মাধ্যমে নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্তাসির মুজাহিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, বিএনপি নেতা হাজী মাসুম বিল্লাহ পলাশসহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








