সন্ত্রাসী, আওয়ামী লীগ,
শিবচরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মো: জাহান্দার আলী মিয়া। নয়া দিগন্ত
ads

কোন আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে আঁতাত করলে তাদের গায়ের পোশাক খুলে নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: জাহান্দার আলী মিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য ও কঠোর হুঁশিয়ারি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: জাহান্দার আলী মিয়া বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিবচরের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে আঁতাত করলে তাদের গায়ের পোশাক খুলে নেবো।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা বিশ্বাস ঘাতক। তিনি ১৪ শ’ মানুষকে হত্যা করে নিজের আত্নীয় স্বজন নিয়ে পালিয়ে গেছেন। আপনাদেরকে অনুরোধ করলাম তার হুকুমে কেউ রাস্তায় নামাবেন না। আগামী ২৮ তারিখে মাদারীপুর জেলার বিএনপির নেতা কর্মী নিয়ে গোপালগঞ্জ থাকবেন। গোপালগঞ্জের মানুষের জান মাল নিরাপত্তার নিশ্চিত করতে এবং পিলাখানা হত্যা ও শাপলা চত্বর নিরীহ মানুষকে হতয়ার বিচারের রায় কার্যকরের জন্য শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শিবচরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

সভাপতির বক্তব্য ও নাশকতা প্রতিরোধের প্রত্যয়

সভাপতির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, ‘শিবচর উপজেলায় কোনো ধরনের নাশকতা করতে দেয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।’ 

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘পৃথিবীতে সবকিছুকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বন্দুকের ভয়, গুলির ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

অন্যান্য বক্তাদের আহ্বান ও উপস্থিত নেতৃবৃন্দ

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘দলের সাংগঠনিক ঐক্য আরো সুদৃঢ় করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অতীতের মতো যেকোনো রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা। একই সাথে শিবচরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।’

যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: হান্নান মিয়া, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।