পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, (ডানে) প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, (ডানে) প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নয়া দিগন্ত
ads

সিলেট নগরীর প্রাণকেন্দ্র দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ বলছে, শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরের দাড়িয়াপাড়া এলাকায়  
প্রতিমন্ত্রীর বাসার গেটে কাপড়জাতীয় কিছু দিয়ে আগুন দেয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটে অবস্থানরত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী, এমপি ও অন্যান্য নেতৃবৃন্দ

এছাড়া সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরীসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাসায় আগুন দেয়ার খবর পেয়ে ঢাকা থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরো জানা গেছে, ওই বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও এই বাসায় থাকেন।

প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেয়ার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, আজ ভোররাতের কোনো এক সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোল বোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেয়া হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, প্রতিমন্ত্রীর বাসায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি। গেটে কোনো নিরাপত্তারক্ষীও নেই। এছাড়া বাসা সংলগ্ন সিসিটিভি ক্যামেরাও দীর্ঘদিন থেকে অচল রয়েছে বলে জানা গেছে।