ইউক্রেন, রুশ বাহিনী,  বড় ধরনের হামলা, শক্তি, মস্কো, পোল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী,  রাদোস্লাও সিকোরস্কি,
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কি। আনদোলু

ইউক্রেনে রুশ বাহিনী ব্যস্ত থাকায় বড় ধরনের হামলা চালানোর মতো শক্তি মস্কোর নেই বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কি। তবে মিত্রদের মধ্যে বিভেদ তৈরি করতে রাশিয়া ছোট পরিসরের কোনো উসকানিমূলক ঘটনা ঘটাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, পোল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিপি ইনফোকে দেয়া সাক্ষাৎকারে সিকোরস্কি এ কথা বলেন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, একাধিক সূত্র থেকে পোল্যান্ড তথ্য পেয়েছে যে রাশিয়া চলতি বছর ‘বড় কিছু করার প্রস্তুতি’ নিচ্ছে।

মস্কোর পরিকল্পনা কী হতে পারে—এ প্রশ্নের জবাবে সিকোরস্কি বলেন, ‘অবশ্যই বিষয়টি শুধু পুতিনই জানেন। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। নিজেদের যেন কারো দ্বারা প্রভাবিত হতে না দিই। সতর্ক থাকতে হবে, যাতে কোনো উসকানি হলে জোট হিসেবে আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি।’

তিনি বলেন, ‘ন্যাটোর ওপর বড় ধরনের হামলা চালানোর মতো শক্তি রাশিয়ার নেই। তাদের সব বাহিনী ইউক্রেনে ব্যস্ত।’

তবে মস্কো ‘ছোট পরিসরে এমন কিছু’ করতে পারে, যা ন্যাটোর মিত্রদের মধ্যে বিতর্ক তৈরি করবে বলে মনে করেন সিকোরস্কি। তার মতে, এমন কোনো ঘটনা ঘটলে ইউরোপীয় ও মার্কিন সদস্যদের মধ্যে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষার ৫ নম্বর অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা নিয়ে বিভেদ তৈরি হতে পারে। আর সেটিই ক্রেমলিনের জন্য সুবিধাজনক হবে।

তিনি আরো বলেন, ‘রাশিয়া ইতোমধ্যে যা করছে, সেটিই আরো আগ্রাসীভাবে করতে পারে।’

পশ্চিমা সরকারগুলোর অভিযোগ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে নাশকতা ও আকাশসীমা লঙ্ঘনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।