মিঠুন চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
সিনেমায় মিঠুন চক্রবর্তী। ফাইল ছবি

‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বাস্তবেই পূর্ণমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মিঠুনকে। 

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার সেটার প্রতিফলন দেখা গেল। 

জানা গেছে, এই পদ ‘ক্যাবিনেট মন্ত্রী’র সমতুল্য পদমর্যাদার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে ওই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। 

রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, রাজ্যপালের আদেশক্রমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মিঠুনকে ওই পদ দেয়া হলো।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা যদিও স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে থেকেছেন মিঠুন। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার জন্য তৈরি হওয়া কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্ব আগেই পেয়েছেন তিনি।

সম্প্রতি নিউটাউনে তৈরি হতে চলা উত্তম কুমার ফিল্ম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখান থেকে মিঠুনকে ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা ঘোষণা করেন তিনি। শুভেন্দু জানিয়েছিলেন, শীঘ্রই আরো বড় ভূমিকায় দেখা যাবে মিঠুনকে।

২০২১ সালে বিধানসভার ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেন। গত পাঁচ বছরে বিজেপির হয়ে ভোটের প্রচারে তারকাপ্রচারক ছিলেন এই অভিনেতা-রাজনীতিক। সূত্র : আনন্দবাজার