
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিক্যাল পরীক্ষার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেয়া যাবে না। কর্মীদের আট হাজার টাকার বেশি না দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এক সাথে মেডিক্যাল পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সাথে যোগাযোগ না করার জন্য সতর্ক করা হয়েছে।
এতে আরো বলা হয়, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং অ্যাজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো অ্যাজেন্সি মেডিক্যাল স্লিপ দেয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য অ্যাজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে আগের অ্যাজেন্সিকে বিলম্ব না করে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে, হয়রানি বা কোনো ধরনের তালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এজন্য ইমেইল ঠিকানা secretary@probashi.gov.bd-এ অভিযোগ জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।
এতে আরো বলা হয়, মন্ত্রণালয় নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং অ্যাজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








