ভারত, পাকিস্তান, বল টেম্পারিং, উসমান খাজা, কেপটাউন টেস্ট, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ওয়াহাব রিয়াজ, রিভার্স সুইং
উসমান খাজা ও তার বইয়ের কাভার। এআই নির্মিত
ads

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ক্রিকেট বিশ্বে তোলপাড় হয়েছিল। সেই ঘটনার প্রায় আট বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। 

তার দাবি, স্যান্ডপেপারগেটের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাসহ প্রায় সব দলই কোনো না কোনোভাবে বল টেম্পারিং করত। অস্ট্রেলিয়া দলেও বিষয়টি তখন এতটাই প্রচলিত ছিল যে খেলোয়াড়দের কাছে তা অস্বাভাবিক কিছু মনে হতো না।

আরো পড়ুন : বল টেম্পরিংয়ে সেই ঘটনায় বিষ্ফোরক মন্তব্য করলেন খাজা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এসব দাবি করেন খাজা। তার ভাষ্য, কেপটাউন টেস্টের আগের দুই বছর অস্ট্রেলিয়া দলের মাঝে বল টেম্পারিংয়ের চর্চা অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। এ কারণে খেলোয়াড়দের মাঝে বিষয়টি নিয়ে সংবেদনশীলতাও কমে এসেছিল। এমনকি কেউ এ নিয়ে প্রতিবাদও করতেন না।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট। পরে জানা যায়, এ ঘটনায় জড়িত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। 

ঘটনাটি ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি পায়। শাস্তি হিসেবে স্মিথ ও ওয়ার্নার এক বছর আর ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

সেই ঘটনায় ব্যানক্রফটকে আগে থেকে থামাননি কেন—এমন প্রশ্নের জবাবে খাজা জানান, তিনি সতীর্থকে নিষেধ করেননি। তবে বৃষ্টির মাঝে বল অস্বাভাবিকভাবে সুইং করলে বিষয়টি সহজেই চোখে পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

খাজা নিজেকেও এ বিষয়ে নির্দোষ বা সাধু হিসেবে তুলে ধরতে চাননি। তার বক্তব্য, দীর্ঘদিনের চর্চার কারণে তখন বল টেম্পারিংকে বড় কোনো অপরাধ হিসেবে বিবেচনা করার প্রবণতা তৈরি হয়নি।

নিজের আত্মজীবনী ‘সবর’-এর প্রসঙ্গ টেনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বল টেম্পারিং নিয়েও অভিযোগ করেন খাজা। তার ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় তাকে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার বল টেম্পারিং করতেন। তবে ওই ক্রিকেটারদের নাম বা ঘটনার বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

পাকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার। বিশেষ করে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের রিভার্স সুইংয়ের প্রসঙ্গ টেনে খাজা জানান, বলের গতিপথ দেখে তার মনে হতো, রিভার্স সুইং পাওয়ার জন্য বলের সাথে কিছু করা হয়েছে।

খাজার এসব বক্তব্য নতুন করে ক্রিকেটে বল টেম্পারিংয়ের পুরোনো বিতর্ক সামনে এনেছে। তবে ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার তোলা অভিযোগগুলো নিশ্চিতভাবেই এই বিতর্ক আরো উস্কে দিয়েছে।