নাহিদ রানা, হাবিবুল বাশার, নাহিদ রানা-হাবিবুল বাশার
নাহিদ রানা ও হাবিবুল বাশার। ফাইল ছবি

চোটের কারণে প্রায় পাঁচ মাস ধরে মাঠের বাইরে নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজে এই পেসারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশার খবর, সবকিছু পরিকল্পনামতো এগোলে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বাংলাদেশের এই গতিতারকা।

Advertisement

জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসনে আছেন নাহিদ। এক চোট কাটিয়ে ওঠার পথে নতুন চোটেও পড়েছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তার পুনর্বাসন।

নাহিদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার সাথে কথা হয়েছে নাহিদের। অস্ট্রেলিয়া থেকে ফোন করে নিজের উন্নতির খবর জানিয়েছেন এই পেসার। ইতোমধ্যে ৯০ শতাংশ সামর্থ্য দিয়ে বোলিংও করেছেন তিনি। সব ঠিক থাকলে ১৫ নভেম্বর দেশে ফিরতে পারেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার বলেন, ‘নাহিদের সাথে গতকাল আমার কথা হয়েছে। সে অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিল। দ্রুত ফেরার ব্যাপারে বেশ আশাবাদী। সেখানে ইতোমধ্যে ৯০ শতাংশ বোলিং করেছে।’

‘সম্ভবত ১৫ তারিখে দেশে ফিরবে। সে নিজেও মনে করছে, এখনই খেলার মতো অবস্থায় আছে। তবে যেহেতু চোটের মাঝে দিয়ে গেছে, তাই আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরাতে চাই। কোনো তাড়াহুড়ো করতে চাই না।’

নাহিদকে নিয়ে তাই সতর্ক বিসিবি। টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা নেই। ওয়ানডে সিরিজেও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। যদিও তার পুনর্বাসনের অগ্রগতি আশাব্যঞ্জক হওয়ায় ওয়ানডেতে ফেরানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না নির্বাচকেরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শারীরিক অবস্থা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে চান তারা।

হাবিবুল বাশার বলেন, ‘টেস্টে সে নিশ্চিতভাবেই খেলতে পারবে না। ওয়ানডেতেও সম্ভবত তাকে পাব না। বর্তমান অবস্থা ও যে রিপোর্ট পাচ্ছি, তাতে ওয়ানডেতে হয়তো ঝুঁকি নেয়ার সুযোগ আছে। কিন্তু সেই ঝুঁকি নেয়া ঠিক হবে কি না, সেটাই বড় প্রশ্ন। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি সিরিজের জন্য সে ঠিক হয়ে যাবে।’

আগামী ১১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। এরপর ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১০ ডিসেম্বর। পরের দুই ম্যাচ ১২ ও ১৩ ডিসেম্বর।