
টানা সাত ম্যাচে হার। তবু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি জায়গা করে নিয়েছে ওমান। শেষ দল হিসেবে বাছাইপর্বে ওঠার লড়াইয়ে নামিবিয়াকে পেছনে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সমান পয়েন্ট পেয়েও নেট রানরেটে পিছিয়ে পড়ায় এখন প্লে-অফ খেলতে হবে আগামী বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়াকে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ বুধবার নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৪২ রানে হেরেছে ওমান। তবে হারের আগেই নিশ্চিত হয়ে যায় তাদের বাছাইপর্বে খেলা। ৩৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে শেষ করেছে দলটি।
সমান পয়েন্ট পেয়েছে নামিবিয়াও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় সরাসরি বাছাইপর্বে জায়গা পেয়েছে ওমান।
লিগ ২-এর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি বাছাইপর্বে খেলার সুযোগ পায়। আগেই জায়গা নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। শেষ দল হিসেবে ওমানের নাম যুক্ত হওয়ায় প্লে-অফে নামতে হচ্ছে নামিবিয়াকে।
আমিরাতের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৬ রান করে স্বাগতিকরা। জবাবে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ২৮ রানে ৩ উইকেট হারায় ওমান। পরে মুজিবুর আলী ও নারায়ণ সাইশিভের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।
১০৩ রানের মাইলফলক পেরোনোর সাথে সাথেই নিশ্চিত হয় ওমানের বাছাইপর্বে খেলা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৪ রান করে তারা। মুজিবুর করেন সর্বোচ্চ ৬৫ রান। ওমান হেরে যায় ৪২ রানের বড় ব্যবধানে।
উল্লেখ্য, লিগ-২ থেকে প্লে-অফে খেলবে নামিবিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। তাদের সাথে যোগ দেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দুই গ্রুপের সেরা চার দল।
‘এ’ গ্রুপ থেকে জার্সি ও কুয়েত এবং ‘বি’ গ্রুপ থেকে ইতালি ও উগান্ডা ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। আট দলের প্লে-অফ থেকে চারটি দল উঠবে বিশ্বকাপ বাছাইপর্বে।
বাছাইপর্বে সরাসরি জায়গা পাওয়া চার দলের সাথে প্লে-অফ থেকে ওঠা চার দল যোগ দেবে। এছাড়া থাকবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ১০ দল লড়বে ২০২৭ বিশ্বকাপের বাকি চারটি জায়গার জন্য।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল খেলবে সুপার সিরিজে। সেখানে শীর্ষে থাকা দলটিও পাবে গ্রুপ পর্বে খেলার সুযোগ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে মূল পর্বে। তবে নামিবিয়ার জন্য পথ এখন কঠিন। নিজেদের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্লে-অফ পেরিয়ে বাছাইপর্বে উঠতে হবে তাদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








