
শুরুতেই ব্যাটিং বিপর্যয়, এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আফগানিস্তানের বিপক্ষে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১১৩ রানের বড় জয় তুলে নিয়েছে আফগান যুবারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের এক ওভার বাকি থাকতেই ২৩১ রানে অলআউট হয় তারা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া তাহির সারওয়ার ৩৭, নোমান সালারজাই ১৬ ও আমির হামজা ১৬ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাফিউল আলম তামিম। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। রবিউল হাসান অনিকের শিকার ২ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি। একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন এস কে জারিফ সিয়াম।
৫৮ বলে ৬ চারে ৪১ রান করেন তিনি। রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ ও রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় ২৫.৫ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে আমির হামজা, নূর আলী নিজাই ও সামি মোবারেজ ৩টি করে উইকেট নেন। সোহেল খান নেন একটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








