১৪৯ বলে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আমির জাঙ্গুর উদযাপন
১৪৯ বলে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আমির জাঙ্গুর উদযাপন। সংগৃহীত

সকালে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে সিলেট টেস্টের প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সফরকারীরা। তবে জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।

Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে (৯) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন।

পরের ওভারে কেভম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ। নবম ওভারে জশুয়া ডি সিলভাকে (১২) এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন।
২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে এরপর বাংলাদেশের বোলারদের হতাশ করেন আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে দু’জনের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়িয়ে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পরও অবিচল ছিলেন দুই ব্যাটার। ৮৬ বলে ফিফটির দেখা পান জাঙ্গু। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশোর্ধ ইনিংস। অন্যদিকে অভিষেক টেস্টেই অর্ধশতক তুলে নেন উইকহ্যাম। ১২৩ বলে প্রথক টেস্ট ফিফটির দেখা পান ২৩ বছর বয়সী উইকহ্যাম। সব মিলিয়ে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন তারা।

শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে উইকহ্যাম ফিরলে ভাঙে ১৩১ রানের জুটি। ১৪৫ বলে ৬১ রান করেন অভিষিক্ত এই ব্যাটার। এটি ছিল বাংলাদেশের চা বিরতির আগের দ্বিতীয় সেশনের একমাত্র সাফল্য।

তবে তাতে স্বস্তি ফেরেনি বাংলাদেশের। জাঙ্গু ও জাস্টিন গ্রিভস মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে দলকে আরো এগিয়ে নেন। এরপর নিজের সপ্তম টেস্ট খেলতে নেমে ১৪৯ বলে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জাঙ্গু। তবে এর একটু পরই বন্ধ হয়ে যায় খেলা।

হুট করেই অন্ধকার নেমে আসে। জ্বলে উঠেনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটও। মাঠ ছাড়েন ক্রিকেটাররা। তবে সাজঘরে ফেরার আগে ওয়েস্ট ইন্ডিজ আছে ভালো অবস্থানে।

৬৫ ওভার শেষে ৪ উইকেটে ২১৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ১৫৫ বলে ১০২ ও জাস্টিন গ্রিভস ২৬ রানে অপরাজিত আছেন।