মিরপুর টেস্ট, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, টস, ব্যাটিং, সিলেট টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত

শুরুর ধাক্কাটা বাংলাদেশ দিয়েছিল দারুণভাবে। মাত্র ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। 

Advertisement

প্রথম সেশনের শেষভাগ নিজেদের করে নেয়ার পর দ্বিতীয় সেশনেও দাপট দেখিয়েছে সফরকারীরা। চা বিরতির যাওয়ার আগে ৫৫ ওভার শেষে ৪ উইকেটে তুলেছে ১৮০ রান। সেঞ্চুরির পথে আছেন আমির জাঙ্গু।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে (৯) বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। 

পরের ওভারে কেভম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ। নবম ওভারে জশুয়া ডি সিলভাকে (১২) এলবিডব্লিউ করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। 

তবে এরপর বাংলাদেশের বোলারদের হতাশ করেন আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহ্যাম। চতুর্থ উইকেটে দুজনের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়িয়ে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পরও অবিচল ছিলেন দুই ব্যাটার। একদিকে ফিফটির দেখা পান জাঙ্গু, অন্যদিকে অভিষেক টেস্টেই অর্ধশতক তুলে নেন উইকহ্যাম। ৮৬ বলে ফিফটি পূর্ণ করেন জাঙ্গু। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশোর্ধ ইনিংস।

অন্যদিকে ১২৩ বলে প্রথম টেস্ট ফিফটি পান ২৩ বছর বয়সী উইকহ্যাম। সব মিলিয়ে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন তারা। 

শেষ পর্যন্ত হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে উইকহ্যাম ফিরলে ভাঙে ১৩১ রানের জুটি। ১৪৫ বলে ৬১ রান করেন অভিষিক্ত এই ব্যাটার। এটি ছিল বাংলাদেশের চা বিরতির আগের দ্বিতীয় সেশনের একমাত্র সাফল্য।

চা বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজে অবশ্য বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে। সেই সাথে পথ প্রদর্শক হয়ে ৭৬ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গু, তার সাথে ১৬ রানে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। 

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৫২ রানে ২টি এবং হাসান মাহমুদ ৫৮ রানে ২টি উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে বাকি উইকেটগুলো দ্রুত তুলে নেয়ার বিকল্প নেই।