এনামুল হক বিজয়, জাতীয় ক্রিকেট লিগ, স্লেজিং, মোহাম্মদ মিঠুন, জরিমানা
এনামুল হক বিজয়। সংগৃহীত

আবারো বিতর্কিত কাণ্ডে আলোচনায় এনামুল হক বিজয়। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রতিপক্ষ ক্রিকেটারকে ব্যাট উঁচিয়ে মারতে উদ্যত হওয়ার ঘটনায় অভিযুক্ত হয়েছেন তিনি। যা গড়িয়েছে এখন শাস্তি পর্যন্ত। 

Advertisement

গত মঙ্গলবার (৩ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এনসিএলের পঞ্চম রাউন্ডে খুলনা ও ময়মনসিংহ বিভাগের ম্যাচের শেষ দিনে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। 

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন স্ট্রাইক প্রান্তে থাকা খুলনার ব্যাটার আজিজুল হাকিমকে উদ্দেশ করে স্লেজিং করছিলেন। বিষয়টি ভালোভাবে নেননি অন্য প্রান্তে থাকা বিজয়।

একপর্যায়ে মেজাজ হারিয়ে রবিনের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান এই ওপেনার। ময়মনসিংহের অন্য ক্রিকেটাররা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিলেও কিছুক্ষণ পর আবারও রবিনের দিকে ছুটে যান বিজয়। 

একাধিকবার এমন আচরণে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রবিনকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে বিজয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় বিজয়ের বিরুদ্ধে ক্রিকেটের আচরণবিধির লেভেল-টু অভিযোগ আনা হয়। আচরণবিধির ২.১.৩ ধারা অনুযায়ী, ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ ও খেলোয়াড়দের অসম্মানজনক পরিস্থিতি তৈরির বিষয়টি বিবেচনায় নেয়া হয়।

শুনানিতে নিজের দোষ স্বীকার করেন বিজয়। শাস্তি হিসেবে তার নামের পাশে যোগ হয়েছে চারটি ডিমেরিট পয়েন্ট। ফলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।

একই ঘটনায় ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এদিকে একই ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরো দুই ক্রিকেটারের বিরুদ্ধে। তবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ৮ উইকেটে জিতেছে খুলনা।