নাহিদ রানা
নাহিদ রানা। নয়া দিগন্ত

চোট কাটিয়ে মাঠে ফেরার পথে এক ধাপ এগোলেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার পার্থে পুনর্বাসনে থাকা বাংলাদেশের এই পেসার বোলিং শুরু করেছেন। এখন পর্যন্ত বোলিং করতে গিয়ে কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে আরো কয়েক সপ্তাহ।

Advertisement

পার্থে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে পুনর্বাসন চলছে নাহিদের। তার সাথে রয়েছেন একজন ট্রেনার ও ফিজিও। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শুক্রবার থেকে বোলিং শুরু করেন এই ডানহাতি পেসার।

আরো পড়ুন—ঈদুল ফিতর, আজহা ও পূজায় মোট ১৩ দিন ছুটি

শুরুতে শতভাগ শক্তি প্রয়োগ না করে ৬০ শতাংশ জোরে বোলিং করেন। পরে ধীরে ধীরে বাড়িয়েছেন গতি। এখন পর্যন্ত কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা অনুভূত হয়নি তার।

২৮ অক্টোবর দেশে ফেরার টিকিট থাকলেও পুনর্বাসন অস্ট্রেলিয়াতেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নাহিদ। বোর্ডও তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত পার্থে চলবে পুনর্বাসন। এরপর দেশে ফিরবেন তিনি। 

দেশে ফেরার পরও অস্ট্রেলিয়ার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবে পুনর্বাসন কার্যক্রম। পুরোপুরি সুস্থ হয়ে বোলিংয়ে ফেরার ছাড়পত্র পেতে আরো অন্তত চার-পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। 

ফলে ওয়েস্ট ইন্ডিজের পর আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজেও এই পেসারকে পাওয়া যাবে না।

নাহিদের চোটের শুরু গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। বাংলাদেশের হয়ে খেলতে গিয়ে গ্রেড-টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। সেই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি।

পুনর্বাসনের মধ্যে পরে গ্লুটের চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান। সবশেষ ল্যাব্রামের চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলা হচ্ছে না তার।

দীর্ঘ পুনর্বাসন শেষে আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে নাহিদের। সেটি অবশ্য নির্ভর করবে তার শারীরিক অবস্থা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।