
প্রথম ইনিংসে লিড নিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতার চরম খেসারত দিতে হলো স্বাগতিকদের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তদের হেসেখেলেই উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লিডসহ মাত্র ১৭০ রানের লক্ষ্য রাখতে পেরেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কোনো সুযোগই দেননি ক্যারিবীয় ব্যাটাররা। ম্যাচটা জিতে নিয়েছে ৮ উইকেটে।
আরো পড়ুন—২৪ বিধায়কের অনাস্থার মুখে ওমর আব্দুল্লাহ সরকার, কারণ কী?
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের আশা জাগাতে পারেনি বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। একপর্যায়ে মাত্র ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শনিবার চতুর্থ দিনে এসে নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
ক্যারিয়ের প্রথম ফিফটি তুলে ৫২ রান করেন তিনি। সুবাদে শেষ পর্যন্ত ১৪২ রানেই থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। লিডসহ সংগ্রহ দাঁড়ায় ১৬৯। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ ৫ ও জোমেল ওয়ারিকান ৪টি উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন সাদমান ইসলাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয় আরো প্রকট হয়ে দেখা দেয়। দুই ইনিংসের ব্যাটিংয়ের এই বৈপরীত্যই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
১৭০ রানের লক্ষ্য দিয়েও বোলিংয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারল না বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা একের পর এক উইকেট তুলে নিয়েছেন, সেই উইকেটেই বাংলাদেশের স্পিনাররা ছিলেন নিষ্প্রভ।
তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা কোনো কার্যকর প্রতিরোধই গড়তে পারেননি। ব্রেন্ডন কিং ও জন ক্যাম্পবেলের ব্যাটে ভর করে মাত্র ৩৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ব্রেন্ডন কিং ও জন ক্যাম্পবেলের ১২৬ বলের উদ্বোধনী জুটিতেই আসে ১১২ রান। ওয়ানডে মেজাজের ইনিংস খেলে ৫৫ বলে ৪৯ করে আউট হন ক্যাম্পবেল। তাকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম।
তিনে নামা ত্যাগনারায়ণ চন্দরপলকে (১) থিতু হতে দেননি হাসান মাহমুদ। তবে ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। জয়ের সুর বেঁধে ফেলেছেন ব্রেন্ডন কিং। শেষ পর্যন্ত ১১৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। সাথে কেভান হগ ২৭ বলে ৩১*।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








