মাহমুদউল্লাহ ও রুবেল
মাহমুদউল্লাহ ও রুবেল। সংগৃহীত

 

Advertisement

এবার এশিয়ার হয়ে একই দলে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও রুবেল হোসেন। তিনজনই জায়গা পেয়েছেন এশিয়ান ওয়ারিয়র্সের দলে। নেতৃত্বে থাকবেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। 

আগামী ডিসেম্বরে হংকংয়ে বসতে যাচ্ছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের প্রথম আসর। চার মহাদেশের চার দল এশিয়ান ওয়ারিয়র্স, আফ্রিকা লায়ন্স, ইউরোপ চ্যাম্পিয়নস ও নর্থ আমেরিকা ঈগলস—এই টুর্নামেন্টে অংশ নেবে। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, নয় ম্যাচের এই আসরে বিশ্বের সাবেক আন্তর্জাতিক তারকারাই খেলবেন। যেখানে এশিয়ান ওয়ারিয়র্সে বাংলাদেশের তিনজনের পাশাপাশি আছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানের সাবেক ক্রিকেটাররা। 

এশিয়ান ওয়ারিয়র্সের ১৭ সদস্যের স্কোয়াডে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও রুবেল হোসেনের সাথে আছেন ভারতের শিখর ধাওয়ান, অভিমন্যু মিঠুন ও রাহুল শর্মা।

শ্রীলঙ্কা থেকে আছেন উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, দিলহারা লকুহেটিগে, নিশালা গামাগে ও লাহিরু থিরিমান্নে। পাকিস্তানের ইফতিখার আহমেদ, শোয়েব মাকসুদ ও মুহাম্মদ ইমরান খান, আফগানিস্তানের সামিউল্লাহ শিনওয়ারি এবং ওমানের সুরাজ কুমারও দলে রয়েছেন। 
 
উল্লেখ্য, মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২৫ সালের মার্চে। ২৩৯ ওয়ানডেতে ৫ হাজার ৬৮৯ রান ও ৮২ উইকেট নিয়ে শেষ করেন আন্তর্জাতিক ক্যারিয়ার। রুবেল হোসেনও চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।