
ধর্ষণের অভিযোগে প্রায় একমাসের বেশি জেলবন্দী ছিলেন। জামিন পাওয়ার পর ফিরেছেন ভারতের বাংলা দলে। ফিরেই রনজিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন অভিষেক পোড়েল নামে স্থানীয় এক ক্রিকেটার।
সোমবার (১২ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, অভিষেক সেঞ্চুরিটি হাঁকিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষ দিল্লির বিপক্ষে। সেঞ্চুরি হাঁকিয়ে মাঠেই কেঁদে ফেলেন তরুণ ক্রিকেটার। তার শতরানে ভর করে প্রথম ইনিংসে লিড নিয়ে নিয়েছে বাংলা।
চলতি বছরের জুনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণসহ একাধিক অভিযোগ ওঠে পোড়েলের বিরুদ্ধে। অভিযোগ আনেন এক ডাক্তারি শিক্ষার্থী। জানা গেছে, সাড়ে তিন বছর ধরে ওই তরুণীর সাথে সম্পর্ক ছিল ক্রিকেটারের। একসাথে বিদেশেও গিয়েছেন। ওই তরুণী মগরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায়। গ্রেফতারি এড়াচ্ছিলেন তিনি। কিন্তু হাই কোর্ট নির্দেশ দেয়, তারকা ক্রিকেটারকে গ্রেফতার করতে হবে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ১০ দিনের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল। তারপর সেই মেয়াদটা বেড়ে দাঁড়ায় একমাসে। ৩৬ দিন জেলে কাটানোর পর অবশেষে ১৭ সেপ্টেম্বর তাকে জামিন দেয়া হয় চুঁচুড়া হাই কোর্টে।
এর মধ্যে বাংলার রনজি ট্রফির প্রাথমিক দল ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি পোড়েলের। তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যায়। তবে জামিন পাওয়ার পরেই বাংলা দলে কামব্যাক হয় অভিষেকের।
দিল্লির বিপক্ষে এবারের রনজি অভিযান শুরু করেছে বাংলা। প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন বাংলার বোলাররা। দ্বিতীয় দিনে কল্যাণী স্টেডিয়ামে উজ্জ্বল পারফরম্যান্স করেন ব্যাটাররা। প্রথম দিন শেষে দিল্লিকে মাত্র ২৪০ রানে গুটিয়ে দেন মোহাম্মদ শামিরা।
দ্বিতীয় দিনে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ব্যর্থ হলেও শতরান হাঁকান সুদীপ কুমার ঘরামি। যোগ্য সঙ্গতে সেঞ্চুরি আসে অভিষেকের ব্যাট থেকেও।
দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলা ইনিংসকে টেনে তোলেন দুই শতরানকারী, ২০০ রানের পার্টনারশিপ গড়ে। দিনের শেষে ৩০০ পেরিয়েছে বাংলা। ক্রিজে রয়েছেন দুই শতরানকারী। প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিয়েছে বাংলা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








