
দুই পেসার বাংলাদেশের হাসান মাহমুদ এবং ইংল্যান্ডের ওলি রবিনসনকে টপকে আইসিসি আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
নারী বিভাগে আগস্টের সেরা হয়েছেন আইল অব ম্যানের লুসি বার্নেট। থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাইকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি মাস সেরা হলেন তিনি।
গত আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গেল মাসে ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন ২৫ বছর বয়সী দিনুশা। ৪ ইনিংস ব্যাট করে তিনটি সেঞ্চুরি হাঁকান তিনি। গল-এ সিরিজের প্রথম টেস্ট শ্রীলঙ্কা হারলেও দুই ইনিংসে ১০০ ও ৮৪ রান দিনুশা।
কলম্বোতে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন দিনুশা। টেস্টের দুই ইনিংসে তার ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংসে নিশ্চিত হার এড়িয়ে টেস্ট ড্র করে শ্রীলঙ্কা।
গত মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন হাসান। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। টাইগারদের ৯ উইকেটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান হাসান।
ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস উইকেটশূন্য থাকলেও সিরিজে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নিয়েছিলেন হাসান।
গেল মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রবিনসন।







