নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেছেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে এই সরকার পরিচালনা করতে চান, অবশ্যই আপনাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি এর কোনো ব্যতিক্রম হয়, বাংলাদেশে কোনো জাতীয় ঐক্য হবে না।’

তিনি বলেন, ‘আপনাদের অবশ্যই শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে করে ওই সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে মানুষের যানমালের কোনো ক্ষতি করতে না পারে।’

নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা জামায়াতের মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘গোপালগঞ্জের কিছু দলকানা আন্দোলন করে আওয়ামী লীগকে ডুবিয়েছে। আওয়ামী লীগের কোনো স্থান এই বাংলাদেশে হবে না। শেখ হাসিনা বলছেন ওনি আসবেন ডিসেম্বরের মধ্যে। এগুলো হলো আওয়ামী লীগের নাটক। এই নাটক করে কোনো লাভ নেই। শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না, ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জসহ এই আওয়ামী লীগের দলকানারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রত্যেকটা জায়গায় উচিত শিক্ষা দেয়া হবে। শান্তিতে থাকতে চাইলে দেশের কোথাও আগুন সন্ত্রাস করবেন না। আর করলে দেশের মানুষ পরিকল্পনা করে রেখেছে আপনাদের কী করবে।’

তিনি আরো বলেন, ‘গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সঙ্কট উত্তরণের মূল ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ, নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।’

ঢাকা জেলা আমির বলেন, ‘সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-সন্ত্রাসীতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালো টাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো: শাহীনুর ইসলাম, সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা এ বি এম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, শ্রমিক কল্যাণ ঢাকা জেলা সভাপতি হারুনর রশীদ ও ছাত্রশিবিরের জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব।

এ সময় উপস্থিত ছিলেন লুৎফর রহমান মোল্লাহ, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানা আমির আব্দুল কাদের, কেরানীগঞ্জ দক্ষিণের আমির ইলিয়াস, ধামরাই থানা আমির মাওলানা আব্দুল হালিমসহ জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।