
চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থী। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে মধ্যে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত বিপ্লব হোসেন সাগর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর কেন্দ্রে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই হঠাৎ বুকে হাত দিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কলেজের একটি ভ্যানে একজনের সাথে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় সাগরের দেয়া নম্বরে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। পরে হাসপাতাল থেকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: রকিবুল ইসলাম শাহীন জানান, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান শফিকুল ইসলামকে জানানো হলে তিনিও ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ইসরাত জেরিন জেসি ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









