এডিস মশা
এডিস মশা। ফাইল ছবি
ads

সিলেটে আরো এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আতিক মিয়ার (৬০) মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো ছয়জন শনাক্ত হওয়ায় ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিক মিয়া। স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ছয়জনের মধ্যে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যালে এক এবং নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ২৮ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত এক হাজার ২০২ জনের মধ্যে হবিগঞ্জে ৪৭৩, সুনামগঞ্জে ২৭৮, সিলেটে ৩২০ এবং মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১ নভেম্বর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা নুরুল আলম (৫৪)। ২৫ অক্টোবর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফারদিন আহমদ (৪)। ১৮ অক্টোবর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২)। ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট ওসমানী মেডিক্যালে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা  যান।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন।