
দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে আগেই। এবার সেই দেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে তাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন টম ব্যান্টন।
বিমানবন্দরে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে দায়িত্ব পাওয়ার খবর শুনে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটিই বুঝে উঠতে পারছিলেন না ২৮ বছর বয়সী এই ব্যাটার।
ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক চতুর্থ টি-টোয়েন্টির পর দল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চার টেস্টের সফরে যাবেন। তাতেই সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেয়ার সুযোগ তৈরি হয়।
শুরুতে ক্যানবেরার ম্যাচে অধিনায়কত্ব করার কথা ছিল উইল জ্যাকসের। কিন্তু ডান হাতে চিড় ধরায় সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অলরাউন্ডার। ফলে ব্যান্টনের কাঁধে উঠেছে নেতৃত্বের দায়িত্ব।
সব ঠিক থাকলে ইংল্যান্ডের পুরুষ টি-টোয়েন্টি দলের ১৪তম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন ব্যান্টন। শুক্রবার গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে ব্রিসবেনে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
ব্যান্টন বলেন, ‘যখন আমাকে জানানো হলো, আমি তখন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটি দারুণ এক সম্মানের। আর আমি সত্যিই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ম্যাককালামের কাছ থেকে দায়িত্ব পাওয়ার মুহূর্তটিও মনে গেঁথে আছে তার। ব্যান্টনের ভাষায়, ‘তিনি বিমানবন্দরেই বিষয়টি আমাকে জানিয়েছিলেন। একপাশে ডেকে নিয়ে কথাটি বলেন। সত্যি বলতে, কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা বুঝতে পারছিলাম না। তবে যেকোনো সংস্করণে নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা শোনা সত্যিই বড় পাওয়া।’
গত দুই বছরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন ব্যান্টন। অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ম্যাচজয়ী ওয়ানডে সেঞ্চুরিও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টপ থ্রিতে এবং ওয়ানডেতে ওপেনিংয়ে খেললেও জাতীয় দলের টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিংয়ের ভূমিকায় এখন মানিয়ে নিয়েছেন তিনি।
এই পরিবর্তনে সতীর্থদের সমর্থনকেও বড় করে দেখছেন ব্যান্টন। এ জন্য কোচ ম্যাককালাম ও অধিনায়ক ব্রুকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এবার নেতৃত্বের নতুন পরীক্ষায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









