জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রী,
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত
ads

অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্দোলনের মধ্যেই আগামী শনিবার (২৮ নভেম্বর) দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে এই সম্মিলন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এসব তথ্য জানান। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

ক্যাম্পাসে অস্থিরতা ও আন্দোলনকারীদের ঘোষণা

এদিকে ক্যাম্পাসে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনের জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও প্রশাসনের কড়াকড়িতে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় এই অধ্যক্ষ সম্মেলন সফল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে জরুরি বৈঠক করে তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি নির্বিঘ্নে ও সফলভাবে বাস্তবায়নের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জাতীয় এই আয়োজন ঘিরে ক্যাম্পাসের ভেতরের বিরোধ আপাতত মাঠের কর্মসূচিতে রূপ নিচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।

কারিকুলাম সংস্কার ও আধুনিক শিক্ষা

সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে এই সম্মিলনের আয়োজন করা হয়েছে। বর্তমানে দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ বা প্রায় ৪০ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করছেন। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে প্রশাসনের সরাসরি সমন্বয় বাড়ানোর পাশাপাশি কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে উপাচার্য জানান, ১৫৯টি বিষয়ের ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৫৫০টির কারিকুলাম সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কার করা হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ ছাড়া ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য ৭টি বিদেশি ভাষা শেখাতে ইতোমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব খোলা হয়েছে এবং চলতি বছর আরও ১০০টি ক্লাব প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৫০ হাজার নারী শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেশনজট নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা

সেশনজট নিরসন প্রসঙ্গে ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সেশনজট এক বছর কমানো সম্ভব হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। কলেজের নিয়মিত পাঠদান সচল রাখতে পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে এবং আরও ২০টি চালুর প্রক্রিয়া চলছে।

পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের বিষয়ে তিনি জানান, ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় পাঁচ বছরে দুই কোটি গাছ লাগানো হবে। ‘গ্রিন ক্যাম্পাস, গ্রিন এনার্জি’ প্রকল্পে ২০৩০ সালের মধ্যে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেয়া হয়েছে। এ ছাড়া ৬৪ জেলায় পারফরমিং আর্টস কলেজ সম্প্রসারণ ও স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।