বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নয়া দিগন্ত
ads

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা রাষ্ট্রদ্রোহী কোনো মিছিল-মিটিংয়ে যেতে পারবেন না। তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘ফলাফলের উপর ভিত্তিক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভবন দেয়া হবে। যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে, সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না, কোনো সুযোগ-সুবিধা পাবে না। পড়ালেখায় আর কোনো দুর্নীতি ও নকলও চলবে না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিগত ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় না লিখেও নাম্বার পাওয়া যাবে, পাশ করা যাবে। খাতায় লিখতে হবে এবং শিক্ষকদের কাছে সঠিক মূল্যায়িত হতে হবে। তবেই ভালো রেজাল্ট করা যাবে।’

তিনি বলেন, ‘এবার এইচএসসি ফলাফল ভালো হয়নি। দ্বিতীয়বার অকৃতকার্যদের খাতা মূল্যায়ন করা হয়েছে, সেখানে পাশের সংখ্যা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের  সংখ্যা কিছু বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘এমপিওভূক্ত শিক্ষকরা ক্লাসের বাইরে কোথাও পড়াতে পারবে না। অনেক শিক্ষক আছে, যারা ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ায়। এখন ক্লাসে পড়াতে হবে, শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না।’

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ প্রমুখ।