টেস্ট ক্রিকেট, বাংলাদেশ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আফ্রিকা, হোয়াইটওয়াশ, নাজমুল হোসেন শান্ত, সেঞ্চুরিয়ন টেস্ট, সংবাদ সম্মেলন, জোহানেসবার্গ টেস্ট, ইংল্যান্ড
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত
ads

কয়েক মাস আগেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে ছিল আশার ঝলক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে উঠে নতুন স্বপ্নও দেখছিল দল। কিন্তু সাম্প্রতিক কয়েকটি সিরিজের ব্যর্থতা সেই আশায় ধাক্কা দিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করছেন, পরের ধাপে যেতে হলে এখনো অনেক কাজ বাকি।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের হারের পর বুধবার সংবাদ সম্মেলনে শান্তকে দেখা গেছে বেশ ম্রিয়মাণ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো বিভাগেই দল ভালো করতে পারেনি বলে অকপটে স্বীকার করেছেন তিনি।

জোহানেসবার্গে প্রথম টেস্টে হারের পরও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরিয়নে সেই লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি। শান্তও স্বীকার করছেন ধারাবাহিকতা না থাকলে পরের ধাপে যাওয়া কঠিন। 

শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটটা ওপরের দিকে যাচ্ছিল, ভালো করছিলাম আমরা। তবে সাম্প্রতিক সময়ে চারটা-পাঁচটা টেস্ট আমরা ভালো ক্রিকেট খেলিনি। এই জায়গায় আমরা যদি পরের স্তরে যেতে চাই, কিভাবে আমরা ধারাবাহিকভাবে ভালো করতে পারি, সেটা বের করা গুরুত্বপূর্ণ।’

শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান অধিনায়ক। ম্যাচ জেতা-হারা থাকবেই, তবে অন্তত সব বিভাগে লড়াই করার সামর্থ্য দেখানো জরুরি বলে মনে করেন তিনি। নিজেদের ঘাটতি খুঁজে বের করে তা কাটিয়ে ওঠার কথাও বলেছেন শান্ত।

দলের সামর্থ্যের সীমাবদ্ধতাও আড়াল করেননি অধিনায়ক। তার ভাষায়, ‘সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি যে, আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝখানে।’

নিয়মিত ভালো ক্রিকেট খেলতে হলে কোথায় ঘাটতি রয়েছে, সেটি চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে বলে মনে করেন তিনি। সেই সাথে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার পেছনে প্রস্তুতির ঘাটতি ও টানা খেলার ব্যস্ততার কথাও বলেছেন শান্ত। 

তার মতে, গুরুত্বপূর্ণ সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাওয়া প্রয়োজন। পাশাপাশি জাতীয় দলের জন্য খেলোয়াড়ের পুল বড় করার ওপরও জোর দিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ সিরিজের আগে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে সতেজ অবস্থায় মাঠে নামাতে পারলে পারফরম্যান্সে উন্নতি আসতে পারে বলে মনে করেন অধিনায়ক।

শান্ত বলেন, ‘সামনে যদি আমরা আসলেই ধারাবাহিক হতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু প্রস্তুতির সুযোগ নিতে হবে, সুযোগ দিতে হবে। আর আমরা যদি আমাদের ক্রিকেটারদের পুলটা একটু বড় করতে পারি, গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে যদি ওদেরকে ব্রেক দিয়ে তরতাজাভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় পারফরম্যান্সটা আরো ভালোভাবে আমরা বের করে নিয়ে আসতে পারব।’

দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশের সামনে এখন কিছুটা বিরতি। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল। তার আগে নিজেদের ঘাটতি কাটিয়ে ধারাবাহিকতা ফেরানোই হবে শান্তদের প্রধান চ্যালেঞ্জ।