চট্টগ্রামে কাস্টমসের অভিযানে রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন
আইসিডি চট্টগ্রামের কাস্টমসের প্রিভেন্টিভ টিমের অভিযানে রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়ে। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির প্রচেষ্টার ঘটনা ধরা পড়েছে। আইসিডি কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিশেষ অভিযান চালিয়ে এ রাজস্ব ফাঁকি উদঘাটন করে।

বুধবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে আইসিডি চট্টগ্রামের কাস্টমসের প্রিভেন্টিভ টিম পোর্টলিংক লজিস্টিকসের অফডকে অভিযান চালিয়ে এ জালিয়াতি উদঘাটন করে।

আইসিডি কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান গাজীপুর সদরের ডাগের চালা এলাকার বিকেসি সুয়েটার লিমিটেডের (বিআইএন: ০০০৩৬১৩৬৪-০১০৩) বন্ড লাইসেন্স নং- ২৮৯/কাস-এসবিডব্লিউ/২০০৩ডিইবি৮০২২৫০২০৮ এবং জেনারেল বন্ড নং- জিবি ৮০১০৩০২৮৯-এর বিপরীতে বিল অব এক্সপোর্ট নং সি-৭৭৯০৯৪ (তারিখ: ২৩/১১/২০২৬)-এর আওতাধীন রপ্তানি পণ্যচালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

কায়িক পরীক্ষায় পণ্যচালানটির ঘোষিত তিন ধরনের পণ্য লেডিস ও মেনস সোয়েটার ৩৯ হাজার ৩৭৯ পিস, লেডিস স্কার্ট ৪৫৮ পিস এবং লেডিস প্যান্ট ১৭১ পিসের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা বহির্ভূত ৪০ হাজার আট পিস বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়। আলোচ্য পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার এবং এর গন্তব্যস্থল ছিল লেবানন, যদিও ইউডিতে বর্ণিত নোটিফাই পার্টি বেলজিয়াম।

সূত্র জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রপ্তানিকারক প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) নং ২৬/৩৬৩১/০১০ (তারিখ: ০৯/০৩/২০২৬ খ্রি.)-এর অধীনে আমদানিকৃত কাঁচামাল— ৬০ শতাংশ অর্গানিক কটন ও ৪০ শতাংশ নাইলন-২/২৩এনএম, ৭৫ শতাংশ পলিয়েস্টার ও ২৫ শতাংশ রিসাইকেলড পলিয়েস্টার (১/৬এনএম) এবং ১০০ শতাংশ নাইলন ফেদার-১/১২এনএম বর্ণনার/ফেব্রিকেশন ও বন্ড সুবিধায় আমদানিকৃত অ্যাক্সেসরিজ অবৈধভাবে অপসারণের বিষয়টি উদ্ঘাটিত হয়।

সূত্র আরো জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য (স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক) রপ্তানির চেষ্টা করা হয়েছে । প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে আইসিডি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।