
ঢাকার মিরপুরে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কিডস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি মাধ্যম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মিরপুর ৬০ ফিট রোডের ইফা কনভেনশন সেন্টারে এ উৎসব আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিডস ফেস্টিভালের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ফেস্টিভাল শুরু হয়।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক নয়া দিগন্ত ও নিউজ পোর্টাল ফার্স্ট নিউজ। স্পোর্টস সামগ্রী স্পন্সর করে ‘বাবু ল্যান্ড’।
দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খলিফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম খলিফা বলেন, পৃথিবীর বেশিরভাগ জ্ঞান-বিজ্ঞান গ্রন্থ ইংরেজি ও আরবি ভাষায় রচিত। ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুল আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। স্কুল কর্তৃপক্ষের এ বিশেষ উদ্যোগের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই।
বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ নাজমুর রহমান বলেন, আজকে যারা সন্তানকে ইংরেজি মাধ্যম ইসলামিক স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা সৌভাগ্যবান। আমি আমার সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়িয়েছি, কিন্তু ওই সময় আমার এলাকায় ল্যান্টার্সের মতো স্কুল না থাকায় আমার সন্তানরা ইসলামিক স্কুলে পড়ার সুযোগ পায়নি।
সভাপতির বক্তব্যে ল্যান্টার্নস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সেই সব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে আমরা ইংরেজি মাধ্যম ইসলামিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।
সাইফুল ইসলাম বলেন, ল্যান্টার্সের শিক্ষার্থীরা ইংরেজি, আরবি ও বাংলা ভাষায় পারদর্শিতা অর্জনের পাশাপাশি ব্যবহারিক জীবনে ইসলামের প্রকৃত অনুসারী হবে। তারা বাবা-মা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা, প্রতিভা, আত্মবিশ্বাস ও পড়ালেখার পরিবেশ আনন্দময় করতে এ ফেস্টিভাল আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন।
আনন্দ-উৎসব, প্রতিযোগিতা ও প্রাণচাঞ্চল্যে অনুষ্ঠানটি শিশু-কিশোর ও অভিভাবকদের মিশন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া, প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ উপহার দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









