
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও সঙ্কটময় দিন। ওই সময় সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভুমিকা দেশের রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আধিপত্যবাদ ও জাতীয় সঙ্কট মোকাবেলায় সেদিনের সংহতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে আছে।
বক্তারা জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। পাশাপাশি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে শিশু অ্যাকাডেমি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে নিজ কার্যালয়ে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে বিকেল স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক বক্তব্য দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








