খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি
সেনাবাহিনীর একটি দল, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নয়া দিগন্ত

খাগড়াছড়ি অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও বসতঘরসহ অন্তত নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৯০ লাখ থেকে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) এলাকায় রাত ২টা ৫০ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের চার নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্যের বাসভবন সংলগ্ন এলাকায় মো. গিয়াস উদ্দিনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন ও আবাসিক বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে যায়।

Advertisement

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো. রাজ্জাক, মো. নজরুল, মো. গিয়াস উদ্দিন, মো. রফিক ও মো. জয়নাল। তাদের ফার্নিচারের দোকান, কাঠের গোডাউন, কারখানা ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক লাইনের অব্যবস্থাপনা কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।