সড়ক দুর্ঘটনা, নিহত, হানিফ পরিবহন, নার্সারি, বাস, মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা
বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে একই দিনে হানিফ পরিবহনের দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে এক ঘটনায় বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার চুনতি হাটিকালচার নার্সারির সামনে হানিফ পরিবহন ও এসপি ট্রাভেলসের বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, একই দিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইকেল আরোহী শামসুল নিহত হন। তিনি চুনতি শাহ সাহেব গেট এলাকার মরহুম আবদুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেল নিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। এ সময় একই দিক থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো: নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভোরে মুখোমুখি সংঘর্ষে জড়ানো বাস দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। সাইকেল আরোহী নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।