
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমানের স্ত্রী মানসুরা বেগম (৫০), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের নুর মোহাম্মদের ছেলে বাবুল ও রামগতির আশিক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি কমাননি। এতে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে ছিল। বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ২৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








