
নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারে বাধা দেয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খড়পাড়া পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় মাছচাষী শহিদুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মরহুম জসমত আলীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত পাখি শিকারি সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকারে যান। এ সময় শহিদুল ইসলাম পাখি শিকারে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবক সজিব তার হাতে থাকা এয়ারগান দিয়ে ওই মাছ ব্যবসায়ীর পাঁজরে গুলি করেন। এতে মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতার মধ্যেও অনেকে গোপনে পাখি শিকার করছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ওই এয়ারগান জব্দ ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিলের পাখি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








